খেজুরের রস ছাড়াই তৈরি হচ্ছিল গুড়!

নিউজ ডেস্ক

প্রকাশ: ১৭:২২, ৬ জানুয়ারি ২০২৬

খেজুরের রস ছাড়াই তৈরি হচ্ছিল গুড়!

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় খেজুরের রস ছাড়াই ভেজাল গুড় তৈরির অভিযোগে অভিযান চালানো হয়েছে। এ সময় গুড় তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

গোপীনাথপুর ইউনিয়নের মজমপাড়া এলাকায় মঙ্গলবার সকালে এ অভিযান চালানো হয় বলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের (অতিরিক্ত দায়িত্ব) সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানিয়েছেন।

স্থানীয়রা জানান, ওই এলাকায় নিজ বাড়িতে দীর্ঘদিন ধরে রস ছাড়াই চিটাগুড় ব্যবহার করে ভেজাল গুড় তৈরি করে আসছিলেন কোকিল উদ্দিন নামের এক ব্যক্তি।
আসাদুজ্জামান রুমেল বলেন, “অভিযানের সময় কোকিল উদ্দিন ও তার স্ত্রীকে রস ছাড়াই গুড় তৈরি করতে দেখা যায়। এ সময় গুড় তৈরির সরঞ্জাম, চুলা, চিটাগুড় ও প্রায় ১০ কেজি ভেজাল গুড় ধ্বংস করা হয়।”

যদিও ভেজাল গুড় বানানোর অভিযোগ অস্বীকার করে কোকিলের স্ত্রী বলেন, দশ কেজি করে রস ছাড়া গুড় ‘মাঝে মাঝে’ তৈরি করে বাজারে বিক্রি করেন।
কোকেলের ছেলে হৃদয় হোসেন বলেন, “আমার মা-বাবার আলাদা সংসার। আর আমি আলাদাভাবে বউ নিয়ে থাকি। আমি বিষয়টা জানি না। তবে আমার মা আর ভেজাল গুড় তৈরি করবে না।”

এ বিষয়ে ভোক্তা অধিকারের কর্মকর্তা আসাদুজ্জামান রুমেল বলেন, “রস না থাকলেও কোকিল নিয়মিতভাবে প্রতিদিন ১০ থেকে ১৫ কেজি করে গুড় তৈরি করতেন। ভোক্তাদের সঙ্গে প্রতারণার উদ্দেশ্যে এসব গুড় তৈরি করা হচ্ছিল।”
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভেজালবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হবে বলে জানান তিনি।

 

আরও পড়ুন