নিউজ ডেস্ক
প্রকাশ: ১১:১৫, ৯ জানুয়ারি ২০২৬
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর লিখিত পরীক্ষা আজ শুক্রবার (৯ জানুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে। তিন পার্বত্য জেলা বাদে দেশের ৬১ জেলায় একযোগে আয়োজিত এ পরীক্ষায় অংশ নিচ্ছেন প্রায় ১০ লাখ ৮০ হাজার প্রার্থী।
মোট ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে বিপুলসংখ্যক আবেদন জমা পড়ায় প্রতি পদের জন্য গড়ে প্রায় ৭৫ জন করে প্রার্থী প্রতিযোগিতায় নেমেছেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে ২ জানুয়ারির নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে পরীক্ষার্থীদের সুবিধা ও প্রশাসনিক প্রস্তুতির কথা বিবেচনা করে আজ ৯ জানুয়ারি বিকেলে পরীক্ষার আয়োজন করা হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) জানিয়েছে, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে প্রার্থীদের অবশ্যই প্রবেশপত্র ও জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে। শুক্রবার দুপুর ২টার মধ্যে পরীক্ষার্থীদের নিজ নিজ আসনে বসতে হবে। দুপুর আড়াইটায় কেন্দ্রের সব প্রবেশপথ বন্ধ করা হবে এবং এরপর পরীক্ষার হলে ওএমআর শিট বিতরণ শুরু হবে। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থী কেন্দ্র ত্যাগ করতে পারবেন না।
নির্দেশনায় বলা হয়েছে, প্রবেশপত্র ছাড়া কাউকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। পরীক্ষাকক্ষে বই, নোট, কাগজ, ক্যালকুলেটর, মোবাইল ফোন, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইস বা কোনো যোগাযোগযন্ত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষাকালে উভয় কান খোলা রাখতে হবে এবং আবেদনপত্রের ছবির সঙ্গে হাজিরা শিটের ছবি মিলিয়ে পরিচয় যাচাই করা হবে। উত্তরপত্র পূরণে কেবল কালো বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে।
ডিপিই আরও জানায়, প্রতিটি পরীক্ষার্থীর জন্য নির্দিষ্ট ওএমআর সেট কোড থাকবে, যা প্রবেশপত্রে উল্লেখ রয়েছে। পরীক্ষার হলে সরবরাহকৃত ওএমআর ফরমে নির্ধারিত স্থানে সঠিক সেট কোড বৃত্ত পূরণ করতে হবে। নির্ধারিত কোড ছাড়া অন্য কোডে উত্তর দিলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।
ব্রেকিং