নিউজ ডেস্ক
প্রকাশ: ১৬:০২, ১১ জানুয়ারি ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে স্বচ্ছ পুনঃপরীক্ষার দাবিতে রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ভবন ঘেরাও করে বিক্ষোভ করছেন চাকরিপ্রার্থীরা। রোববার (১১ জানুয়ারি) সকাল থেকেই এই কর্মসূচি শুরু হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, গত ৯ জানুয়ারি অনুষ্ঠিত সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ছড়িয়ে পড়ে। তাদের দাবি, ফাঁস হওয়া প্রশ্নের একাধিক অংশ পরীক্ষার প্রশ্নের সঙ্গে মিলেছে। এ কারণে তারা পরীক্ষা বাতিল করে দ্রুত নতুন করে পরীক্ষা নেওয়ার আহ্বান জানান।
আন্দোলনরত পরীক্ষার্থীরা পাঁচ দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়া, সব সরকারি চাকরির পরীক্ষা ঢাকায় আয়োজন করে প্রতিটি কেন্দ্রে ডিভাইস চেকার ও নেটওয়ার্ক জ্যামার বসানো, স্বতন্ত্র কমিটির তত্ত্বাবধানে পরীক্ষা গ্রহণ এবং একই দিনে একাধিক পরীক্ষা না নেওয়া। পাশাপাশি, যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আগে প্রশ্নফাঁসের অভিযোগ রয়েছে, তাদের প্রশ্ন প্রণয়নের দায়িত্ব না দেওয়া এবং প্রশ্নফাঁস প্রমাণিত হলে সংশ্লিষ্টদের সর্বোচ্চ শাস্তির দাবিও জানান তারা।
উল্লেখ্য, গত ৯ জানুয়ারি বিকেলে দেশের ৬১ জেলায় একযোগে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ১০ লাখ ৮০ হাজারের বেশি পরীক্ষার্থী। আন্দোলনকারীদের অভিযোগ, ২৫ ডিসেম্বর প্রশ্নপত্র জেলা পর্যায়ে পাঠানোর পর দীর্ঘ সময় ব্যবধান থাকায় প্রশ্নপত্র অসাধু চক্রের হাতে পৌঁছে যায়। পরীক্ষার কয়েক দিন আগেই অনলাইনে প্রশ্নফাঁসের গুঞ্জন ছড়ায় এবং অনেকেই সেগুলো শেয়ার করেন।
এ বিষয়ে এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় বা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন পরীক্ষার্থীরা।
ব্রেকিং