নিউজ ডেস্ক
প্রকাশ: ১০:০০, ৮ সেপ্টেম্বর ২০২৬
ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেছেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছবি: সংগৃহীত
ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে স্থানীয় থানায় অভিযোগ করেছেন তিনি।
সোমবার রাতে ভেনিসে অবস্থানের সময় একদল প্রবাসী তার দিকে পানি ও পচা ডিম ছুড়ে মেরেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে অভিযোগ করেন বাঁধন।
অভিনেত্রীর দাবি, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের প্রতি তার সমর্থনের কারণে ভেনিস আওয়ামী লীগ ও ছাত্রলীগের পরিচয় দেওয়া কয়েকজন এই ঘটনার সঙ্গে জড়িত।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, একদল ব্যক্তি নিজেদের ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচয় দিয়ে বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ বলে আখ্যায়িত করছেন। একপর্যায়ে তারা তার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, চলচ্চিত্র উৎসব এলাকায় বাঁধনের উপস্থিতিকে ঘিরে রাজনৈতিক স্লোগান ও কথাকাটাকাটির পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে তাকে লক্ষ্য করে বিভিন্ন বস্তু ছোড়া হয়।
২০২৪ সালের আন্দোলনের সময় রাজপথে সক্রিয় থাকার পাশাপাশি দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমেও বক্তব্য দিয়েছিলেন বাঁধন। তার সেই রাজনৈতিক অবস্থানের কারণেই হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে ভেনিস আওয়ামী লীগ বা ছাত্রলীগের সংশ্লিষ্ট ব্যক্তিদের আনুষ্ঠানিক বক্তব্যও এখনো পাওয়া যায়নি।
‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পাওয়া বাঁধন বর্তমানে ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
ব্রেকিং