নিউজ ডেস্ক
প্রকাশ: ১৯:৪১, ১০ জানুয়ারি ২০২৬
জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানকে ঘিরে ভক্তদের কৌতূহলের শেষ নেই। গত বছরের শুরুতে মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করে আলোচনায় আসেন তিনি। তবে বিয়ের কয়েক মাসের মধ্যেই তাদের দাম্পত্য জীবনে দূরত্ব তৈরি হয়েছে। বর্তমানে তারা আলাদা থাকছেন—এ তথ্য নিজেই নিশ্চিত করেছেন তাহসান খান।
একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তাহসান বলেন, বিষয়টি সত্য। জুলাইয়ের শেষ দিক থেকেই তারা আলাদা রয়েছেন। সঠিক সময় এলে বিস্তারিত জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি। তাহসান জানান, ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাননি। তবে বিবাহবার্ষিকী ঘিরে সামাজিক মাধ্যমে কিছু বিভ্রান্তিকর খবর ছড়িয়ে পড়ায় বিষয়টি স্পষ্ট করা প্রয়োজন হয়ে পড়ে।
তিনি আরও বলেন, ব্যক্তিগত বিষয় নিয়ে নীরব থাকার ইচ্ছা থাকলেও ভুল তথ্য ছড়ানোয় বাধ্য হয়েই মুখ খুলেছেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ের পর রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। রোজা পেশায় একজন মেকআপ আর্টিস্ট। তিনি এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপের কাজ করছেন এবং নিউইয়র্কে তাঁর নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠান রয়েছে।
এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান। প্রায় ১১ বছরের দাম্পত্য জীবনের পর ২০১৭ সালে সেই সম্পর্কের ইতি ঘটে। দ্বিতীয় সংসার নিয়েও অনিশ্চয়তার খবর সামনে আসায় আবারও আলোচনায় এসেছে তাহসানের ব্যক্তিগত জীবন।
ব্রেকিং