বিশ্ববাজারে নতুন বছরের শুরুতেই স্বর্ণের দামে বড় লাফ, দেশে ভরি কত?

সূত্র: রয়টার্স

প্রকাশ: ১৯:৩৯, ৩ জানুয়ারি ২০২৬

বিশ্ববাজারে নতুন বছরের শুরুতেই স্বর্ণের দামে বড় লাফ, দেশে ভরি কত?

ইংরেজি নতুন বছরের শুরুতেই বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বাংলাদেশ সময় বেলা ১টা ২৪ মিনিটে স্পট স্বর্ণের দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৭২ দশমিক ৩৫ ডলারে দাঁড়িয়েছে। এর আগে গত ২৬ ডিসেম্বর সর্বকালের সর্বোচ্চ ৪ হাজার ৫৪৯ দশমিক ৭১ ডলারে পৌঁছেছিল স্বর্ণের দাম। তবে গত বুধবার (৩১ ডিসেম্বর) স্বর্ণের দাম দুই সপ্তাহের সর্বনিম্নে নেমে আসে। খবর রয়টার্সের।

আর ফেব্রুয়ারি ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৮৪ দশমিক ৮০ ডলারে লেনদেন হয়েছে। কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, ‘মূল্যবান ধাতুগুলো অনেকটাই ২০২৫ সালের ধারাবাহিকতায় ২০২৬ সাল শুরু করছে।’

২০২৫ সালে বুলিয়ন বাজারে দুর্দান্ত উত্থানের দেখা মেলে। বছর শেষে স্বর্ণের বার্ষিক মূল্যবৃদ্ধি দাঁড়ায় ৬৪ শতাংশে, যা ১৯৭৯ সালের পর সর্বোচ্চ।
গত বছর সুদের হার কমানো, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের নীতিগত শিথিলতার প্রত্যাশা, ভূরাজনৈতিক সংঘাত, কেন্দ্রীয় ব্যাংকগুলোর শক্তিশালী চাহিদা এবং এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডে (ইটিএফ) বিনিয়োগ বৃদ্ধির ধারা স্বর্ণের দামের অভূতপূর্ব উত্থানে ভূমিকা রেখেছে।

প্রায় দুই মাস পর চলতি সপ্তাহে প্রথমবারের মতো ভারত ও চীনের প্রধান বাজারগুলোতে প্রিমিয়ামে লেনদেন হয়েছে স্বর্ণের। সর্বকালের সর্বোচ্চ থেকে দাম কিছুটা কমে আসার পর খুচরা চাহিদা কিছুটা বেড়েছে, যা এর আগে রেকর্ড মূল্যবৃদ্ধির কারণে চাপের মুখে পড়েছিল।

ওয়াটারার আরও বলেন, ‘বছরশেষের বিক্রির চাপ কাটিয়ে মূল্যবান ধাতুগুলো যেন ক্ষতি পুষিয়ে নিচ্ছে। অবস্থান সমন্বয়ের চাপ কমেছে এবং মৌলিক বিষয়গুলো আবারও গুরুত্ব পাওয়ায় ২০২৬ সাল ঊর্ধ্বগতির মধ্য দিয়ে শুরু করছে স্বর্ণ।’

স্পট রুপার দাম ৩ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৩ দশমিক ৭৯ ডলারে পৌঁছেছে। গত সোমবার (২৯ ডিসেম্বর) সর্বকালের সর্বোচ্চ ৮৩ দশমিক ৬২ ডলারে রুপার লেনদেন হয়। ২০২৫ সালে রুপার দাম ১৪৭ শতাংশ বেড়েছে, যা মূল্যবৃদ্ধির দিক দিয়ে স্বর্ণকেও ছাড়িয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ খনিজ হিসেবে স্বীকৃতি, সরবরাহ সীমাবদ্ধতা, কম মজুত এবং শিল্প ও বিনিয়োগ চাহিদা বৃদ্ধির ফলে রুপার বাজারে প্রথমবার এমন উল্লম্ফন দেখা গেছে।

এদিকে দেশের বাজারে আজ (শনিবার) প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২২ হাজার ৭২৪ টাকায়।  একই সঙ্গে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১২ হাজার ৬৩৫ টাকা। ১৮ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরি দাম পড়বে ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হবে প্রতি ভরি ১ লাখ ৫১ হাজার ৮০৭ টাকায়।

আরও পড়ুন