ধানমন্ডি-৩২ এ ‘জয় বাংলা’ স্লোগান, শিঙাড়া বিতরণের অভিযোগে মারধর

নিউজ ডেস্ক

প্রকাশ: ১৪:৫২, ১৫ আগস্ট ২০২৬

ধানমন্ডি-৩২ এ ‘জয় বাংলা’ স্লোগান, শিঙাড়া বিতরণের অভিযোগে মারধর

আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্টতা পাওয়ায় হামলার শিকার হন কেউ কেউ - ছবি/ বিবিসি বাংলা

শনিবার (১৫ আগস্ট) দুপুরে রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বর এলাকায় কয়েকজন ব্যক্তিকে মারধরের ঘটনা ঘটেছে। তাদের মধ্যে একজন রিকশাচালকও রয়েছেন। ঘটনাগুলোর সময় উপস্থিত ব্যক্তিদের কয়েকজন নিজেদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় দেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুপুর পৌনে ১২টার দিকে ধানমন্ডি-৩২-এর প্রবেশমুখে এক রিকশাচালক মোবাইল ফোনে ভিডিও করছিলেন। এ সময় রাষ্ট্র সংলাপ ফোরামের (এসডিএফ) সদস্যসচিব আ ন ম আয়াস তার কাছে গিয়ে মোবাইল ফোনটি দেখেন। পরে ওই ভিডিও যুবলীগের কারও কাছে পাঠানো হয়েছে—এমন অভিযোগ ওঠে। এরপর কয়েকজন ব্যক্তি রিকশাচালককে মারধর করেন। পরে পুলিশ তাকে হেফাজতে নিয়ে ধানমন্ডি থানায় যায়।

এ ঘটনার সময় সেখানে থাকা আরেক ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দিলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে তিনি দৌড়ে ঘটনাস্থল থেকে চলে যান।

এর কিছুক্ষণ পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিঙাড়া বিতরণের অভিযোগে আরও এক ব্যক্তিকে মারধর করা হয়। তার হাতে থাকা একটি বস্তায় শিঙাড়া ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান। একপর্যায়ে ওই ব্যক্তিও ঘটনাস্থল ছেড়ে চলে যান।

এসডিএফের সদস্যসচিব আ ন ম আয়াস বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা যাতে কোনো ধরনের কর্মকাণ্ড চালাতে না পারেন, সে জন্য তারা এলাকায় অবস্থান করছেন। কাউকে সন্দেহজনক মনে হলে পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। তবে মব তৈরি করে কাউকে মারধরের অভিযোগ অস্বীকার করেন আয়াস।

পরে সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।

ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার সাদ্দাম হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পর্যাপ্তসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে সকাল সোয়া ১০টার দিকে ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে আসা অর্ণব দাস নামে এক যুবলীগ কর্মীকে পুলিশ আটক করে। 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন