নিউজ ডেস্ক
প্রকাশ: ১৯:৪৮, ১৫ আগস্ট ২০২৬
সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল/ছবি: সংগৃহীত
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জন সম্ভব হতো না বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
শনিবার (১৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বঙ্গবন্ধুর রাজনৈতিক ভূমিকা, স্বাধীনতা আন্দোলনে তাঁর অবদান এবং পরবর্তী শাসনামল নিয়ে নিজের মূল্যায়ন তুলে ধরেন।
আসিফ নজরুল বলেন, ১৯৪৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত বাংলাদেশের স্বাধিকার ও স্বাধীনতার আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ ও অনন্য। তাঁর মতে, এ কারণেই বঙ্গবন্ধুকে স্বাধীনতার অন্যতম প্রধান স্থপতি হিসেবে মূল্যায়ন করা যায়।
তিনি আরও বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বঙ্গবন্ধুর মধ্যে গণতন্ত্র, মানুষের অর্থনৈতিক মুক্তি এবং রাজনৈতিক মতপার্থক্যের প্রতি যে অঙ্গীকার ছিল, তার প্রতিফলন তৎকালীন গণপরিষদের বিভিন্ন বিতর্কেও দেখা যায়।
তবে স্বাধীনতার পর দেশ পরিচালনায় বঙ্গবন্ধুর দক্ষতা নিয়ে সমালোচনাও করেন আসিফ নজরুল। তাঁর ভাষ্য, যুদ্ধ-পরবর্তী বাংলাদেশ পরিচালনা নানা বাস্তবতায় কঠিন হলেও পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর শাসন ক্রমে কর্তৃত্ববাদী হয়ে ওঠার বিষয়টি তা দিয়ে ব্যাখ্যা করা যায় না। তাঁর শাসনামলের দুর্ভিক্ষ, হত্যাকাণ্ড এবং একদলীয় ব্যবস্থা প্রতিষ্ঠার মতো ঘটনাগুলোও ইতিহাসের অংশ হিসেবে বিবেচনা করতে হবে।
আসিফ নজরুল বলেন, এসব বিতর্ক ও সমালোচনা সত্ত্বেও বাংলাদেশের স্বাধীনতা অর্জনের দীর্ঘ আন্দোলনে বঙ্গবন্ধুর অবদানের কারণে অনেক মানুষ তাঁকে ভালোবাসতেন ও শ্রদ্ধা করতেন। তিনি নিজেকেও সেই মানুষের একজন হিসেবে উল্লেখ করেন।
তবে শেখ হাসিনার শাসনামলে বঙ্গবন্ধুর রাজনৈতিক পরিচয় ও উত্তরাধিকার ব্যবহারের কারণে তাঁর মতো মানুষের জন্য বঙ্গবন্ধুর প্রতি সেই ভালোবাসা প্রকাশ করা কঠিন হয়ে পড়েছিল বলেও মন্তব্য করেন তিনি।
পোস্টের শেষাংশে ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ডের কথা স্মরণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নিহত সদস্যদের প্রতি শ্রদ্ধা এবং তাঁদের জন্য দোয়া করেন আসিফ নজরুল।
ব্রেকিং