চীনের সঙ্গে চিপ তৈরির চুক্তি বাতিল করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫:৫০, ৪ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৬:০০, ৪ জানুয়ারি ২০২৬

চীনের সঙ্গে চিপ তৈরির চুক্তি বাতিল করলেন ট্রাম্প

জাতীয় নিরাপত্তা ও চীন-সংক্রান্ত উদ্বেগের কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি অধিগ্রহণ প্রস্তাব আটকে দিয়েছেন।

জাতীয় নিরাপত্তা ও চীন-সংক্রান্ত উদ্বেগের কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি অধিগ্রহণ প্রস্তাব আটকে দিয়েছেন। ওই প্রস্তাবে নিউ জার্সিভিত্তিক মহাকাশ ও প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান এমকোর সম্পদ ৩০ লাখ ডলারে কেনার কথা ছিল হেইফোর। খবর রয়টার্স।

হোয়াইট হাউজ থেকে প্রকাশিত সাম্প্রতিক আদেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কেন তিনি হেইফো ও এমকোরের মধ্যকার ৩ মিলিয়ন ডলারের ব্যবসায়িক চুক্তিটি বাতিল করেছেন। তার মতে, এ চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের অত্যন্ত সংবেদনশীল প্রযুক্তি চীনের হাতে চলে যাওয়ার সরাসরি ঝুঁকি তৈরি হয়েছে। উল্লেখ্য এমকোর ‘ইন্ডিয়াম-ফসফাইড’ চিপ তৈরি করে, যা অত্যন্ত উচ্চ ফ্রিকোয়েন্সিতে কাজ করতে পারে।

হোয়াইট হাউজের প্রতিবেদনে বলা হয়েছে, হেইফো করপোরেশন মার্কিন যুক্তরাষ্ট্রে নিবন্ধিত হলেও এটি মূলত একজন চীনা নাগরিকের মাধ্যমে নিয়ন্ত্রিত। অবশ্য আদেশে সংশ্লিষ্ট ব্যক্তির নাম বা ট্রাম্পের উদ্বেগের বিস্তারিত উল্লেখ করা হয়নি।

আদেশে ট্রাম্প বলেন, ‘এ লেনদেন নিষিদ্ধ করা হলো’। তিনি ১৮০ দিনের মধ্যে এমকোর সম্পদের সঙ্গে সংশ্লিষ্ট হেইফোর সব ধরনের স্বার্থ ও অধিকার প্রত্যাহারের নির্দেশ দেন।

ট্রাম্পের আদেশের পর মার্কিন অর্থ মন্ত্রণালয় বলেছে, ‘চুক্তিটি তদন্ত করে যুক্তরাষ্ট্রের বিদেশী বিনিয়োগবিষয়ক কমিটি (সিএফআইইউএস) একটি জাতীয় নিরাপত্তা ঝুঁকি চিহ্নিত করেছে।’ তবে সে ঝুঁকির নির্দিষ্ট বিবরণ জানানো হয়নি।

হেইফো করপোরেশন মূলত এমকোরেরই দুই সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা জেনজাও ঝাং ও হ্যারি মুরের হাত ধরে প্রতিষ্ঠিত। জেনজাও ঝাং এর আগে এমকোর ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তারা নিজেদের সাবেক প্রতিষ্ঠানের চিপ ও ‘ইন্ডিয়াম-ফসফাইড ওয়েফার’ তৈরির ইউনিটটি ২ দশমিক ৯২ মিলিয়ন ডলারে কিনেছিলেন।

চুক্তিতে থাকা জেনজাও ঝাং একজন চীনা নাগরিক হওয়ায় ট্রাম্প প্রশাসন একে বড় ঝুঁকি হিসেবে দেখছে। হোয়াইট হাউজের মতে, প্রযুক্তিটি একজন চীনা নাগরিকের নিয়ন্ত্রণে থাকা জাতীয় নিরাপত্তার পরিপন্থী।

আরও পড়ুন