নিউজ ডেস্ক
প্রকাশ: ১৭:৩৭, ২ জানুয়ারি ২০২৬
২০২৬ সালের শুরুতেই দর্শকদের জন্য বড় চমক দিলেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। পহেলা জানুয়ারির প্রথম প্রহরে রাত ঠিক ১২টায় প্রকাশিত হয় তার আসন্ন পুলিশ ড্রামা ‘স্পিরিট’ এর ফার্স্ট লুক পোস্টার। সিনেমাটিতে প্রভাস ও তৃপ্তি দিমরিকে নিয়ে তৈরি বিশেষ এক লুক মুহূর্তেই স্যোশাল মিডিয়ায় আলোড়ন তোলে।
পোস্টারে প্রভাসকে আবির্ভূত হন উদাম গায়ে। তাকে দেখা যায় আহত, বিধ্বস্ত ও রাগী রূপে- এক হাতে মদের বোতল, অন্য হাতে সিগারেট, যা জ্বালিয়ে দিচ্ছেন ধূসর শাড়ি পরা তৃপ্তি দিমরি। এই রাফ লুক সিনেমার টোন স্পষ্ট করে দিয়েছে।
এদিকে প্রভাসের ফিটনেস ও শারীরিক পরিবর্তনে অনেক ভক্ত মুগ্ধ হলেও বিতর্কও কিছু কম হচ্ছে না। অনেকের মতে, পোস্টারটি সন্দীপ রেড্ডি ভাঙ্গার আগের সিনেমা ‘অ্যানিমেল’ এর সঙ্গে অতিরিক্ত মিল রাখে। বিশেষ করে আহত নায়কের পাশে তৃপ্তির উপস্থিতি সেই সিনেমার স্মৃতি ফিরিয়ে এনেছে।
প্রসঙ্গত, সিনেমায় প্রথমে দীপিকা পাড়ুকোন যুক্ত থাকলেও মতবিরোধে সরে দাঁড়ান তিনি। পরে তৃপ্তিকে চূড়ান্ত করা হয়। সিনেমাতে গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন প্রকাশ রাজ ও প্রধান খলনায়ক হিসেবে বিবেক ওবেরয়। জানা যায়, প্রভাস এখানে একজন জেলবন্দি আইপিএস অফিসারের ভূমিকায় অভিনয় করছেন। টি-সিরিজ ও ভদ্রকালি পিকচার্স প্রযোজিত ‘স্পিরিট’ চলতি বছর মুক্তির কথা রয়েছে, আর প্রথম ঝলকেই এটি এখন আলোচনার কেন্দ্রবিন্দু।
ব্রেকিং