নিজ মেয়েকে ধর্ষণ, বগুড়ায় বাবাকে মৃত্যুদণ্ড দিল আদালত

নিউজ ডেস্ক

প্রকাশ: ১৫:০৫, ২০ আগস্ট ২০২৬

নিজ মেয়েকে ধর্ষণ, বগুড়ায় বাবাকে মৃত্যুদণ্ড দিল আদালত

মেয়েকে ধর্ষণের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুল খালেককে আদালত থেকে নেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

বগুড়ায় নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে আব্দুল খালেক (৫১) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে তাকে দুই লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা দায়রা জজ মারুফ হোসেন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত খালেক শেরপুর উপজেলার বাগড়া বস্তি এলাকার বাসিন্দা। বগুড়া শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আলী আসগর বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার নথি ও রাষ্ট্রপক্ষের বক্তব্য অনুযায়ী, ২০২০ সালের ৩১ অক্টোবর ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে খালেকের বিরুদ্ধে মামলা করেন। ঘটনার সময় শিশুটি তার বাবা ও সৎমায়ের সঙ্গে একটি ভাড়া বাসায় বসবাস করত।

মামলার অভিযোগে বলা হয়, ২১ অক্টোবর ভোরে সৎমা প্রতিদিনের মতো স্থানীয় একটি চাতালে ধান সেদ্ধ করতে বাইরে গেলে খালেক তার মেয়েকে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে ভয়াবহ পরিণতি হবে বলেও শিশুটিকে হুমকি দেওয়া হয়।

এরপর শিশুটির আচরণে পরিবর্তন দেখা দেয়। সে নিয়মিত ঘরের কাজ করা বন্ধ করে দিলে সৎমা বিষয়টি নিয়ে তাকে মারধর করতে থাকেন। একপর্যায়ে শিশুটি তার সৎমাকে ধর্ষণের ঘটনা জানায়। তবে অভিযোগটি বিশ্বাস না করে তার ওপর নির্যাতনের মাত্রা আরও বাড়ানো হয়।

পরে নির্যাতন থেকে রক্ষা পেতে শিশুটি তার মায়ের কাছে বিষয়টি খুলে বলে। এরপর স্থানীয়দের সহায়তায় তিনি থানায় গিয়ে স্বামীর বিরুদ্ধে মামলা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আসগর জানান, মামলার বিচারকাজে সাক্ষ্য ও অন্যান্য প্রমাণ পর্যালোচনা শেষে আদালত একমাত্র আসামি আব্দুল খালেককে মৃত্যুদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে। 

আরও পড়ুন