নারায়ণগঞ্জে ঝুটের গোডাউন ও ইজিবাইক গ্যারেজে ভয়াবহ আগুন

নিউজ ডেস্ক

প্রকাশ: ০৯:৪৭, ২১ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জে ঝুটের গোডাউন ও ইজিবাইক গ্যারেজে ভয়াবহ আগুন

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাশে চারটি ঝুটের গোডাউন ও তিনটি ইজিবাইক গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ আগস্ট) ভোর ৬টার দিকে মাসদাইর এলাকায় এ আগুন লাগে।

স্থানীয়দের ভাষ্য, একটি গোডাউনে আগুনের সূত্রপাত হওয়ার পর তা দ্রুত আশপাশের স্থাপনায় ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে চারটি ঝুটের গোডাউন ও তিনটি ইজিবাইক গ্যারেজ আগুনে পুড়ে যায়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হলেও তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ জানা যায়নি।

খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন ছড়িয়ে পড়ায় আশপাশের কলকারখানা ও বসতিপূর্ণ এলাকায় আতঙ্ক তৈরি হয়।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইজিবাইকের কোনো একটি গ্যারেজে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। পরে তা আশপাশের গোডাউন ও গ্যারেজে ছড়িয়ে পড়ে।

তিনি জানান, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুন