সিলেটে তেলবাহী ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে ৪ জন নিহত

নিউজ ডেস্ক

প্রকাশ: ১৮:২১, ২২ আগস্ট ২০২৬

সিলেটে তেলবাহী ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে ৪ জন নিহত

ওসমানীনগরে তেলবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি। দুর্ঘটনায় চারজন নিহত ও তিনজন আহত হয়েছেন।ছবি: সংগৃহীত

সিলেটের ওসমানীনগরে তেলবাহী ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান।

নিহতরা হলেন—ওসমানীনগরের মো. ফরিদ মিয়ার ছেলে লালন মিয়া (২৬), সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীরামশী গ্রামের মৃত গফুর মিয়ার ছেলে মো. নিয়ামত (৪৫), তার পাঁচ বছর বয়সী মেয়ে আয়শা আক্তার এবং একই উপজেলার গুল মোহাম্মদের মেয়ে উসুফা বেগম (৩০)। তারা সবাই অটোরিকশাটির যাত্রী ছিলেন।

পুলিশের তথ্য অনুযায়ী, তেলবাহী ট্রাকটি সিলেট থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে ব্রাহ্মণগ্রাম এলাকায় ট্রাকটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর সাত যাত্রী আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। আহত অন্য তিনজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে গত ৭ আগস্ট একই মহাসড়কের ওসমানীনগর এলাকায় ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের সংঘর্ষে নয়জন নিহত হওয়ার ঘটনা ঘটেছিল। অল্প সময়ের ব্যবধানে একই সড়কে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। 

আরও পড়ুন