তৌহিদী জনতার বাধায় নৌকাবাইচ বন্ধ হবে না: ইউএনও

নিউজ ডেস্ক

প্রকাশ: ১৮:২৯, ২২ আগস্ট ২০২৬

তৌহিদী জনতার বাধায় নৌকাবাইচ বন্ধ হবে না: ইউএনও

ছবি: সংগৃহীত

সিলেটের বিয়ানীবাজার উপজেলার সুনাই নদীতে আয়োজিত বার্ষিক নৌকাবাইচ কোনো পক্ষের বাধায় বন্ধ হবে না বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা মজুমদার।

তিনি বলেন, নৌকাবাইচ গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী একটি খেলা। স্থানীয়ভাবে কোনো পক্ষের আপত্তি থাকলে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে। স্থানীয়রা সমাধান করতে ব্যর্থ হলে প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে।

ইউএনও জানান, নৌকাবাইচ আয়োজক কমিটি কিংবা প্রতিযোগিতা বন্ধের দাবি জানানো পক্ষ—কেউই এখন পর্যন্ত প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানায়নি। তবে পরিস্থিতি সম্পর্কে জানতে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলা হয়েছে। শনিবার বিকেলে স্থানীয়দের নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের লাউতা-বাহাদুরপুর যুব সমাজের উদ্যোগে প্রতিবছরের মতো এবারও আগামী ২৮ আগস্ট সুনাই নদীতে নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে এলেও এবারই প্রথম এর বিরোধিতা দেখা দিয়েছে।

সম্প্রতি ‘তৌহিদী জনতা’ ব্যানারে একটি পক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে নৌকাবাইচ বাতিলের দাবি জানিয়ে বিভিন্ন পোস্ট দিচ্ছে। এ নিয়ে বৃহস্পতিবার বারিগ্রাম বাজার মসজিদে একটি সভাও অনুষ্ঠিত হয়। সেখানে প্রতিযোগিতা বন্ধের দাবি জানানো হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

তবে আয়োজক কমিটি জানিয়েছে, নির্ধারিত সময়েই নৌকাবাইচ অনুষ্ঠিত হবে। কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি চলছে এবং এ বিষয়ে নিয়মিত সভা করা হচ্ছে।

লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলওয়ার হোসেনও জানান, নৌকাবাইচ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পক্ষে-বিপক্ষে আলোচনা চলছে। তবে কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে তার কাছে অভিযোগ করেনি। 

আরও পড়ুন