স্কুলের বাথরুম থেকে হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রী উদ্ধার

নিউজ ডেস্ক

প্রকাশ: ১৮:৩৮, ২২ আগস্ট ২০২৬

স্কুলের বাথরুম থেকে হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রী উদ্ধার

খুলনার দিঘলিয়ায় বিদ্যালয়ের বাথরুম থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় দশম শ্রেণির এক ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। ছবি: সংগৃহীত

খুলনার দিঘলিয়ায় একটি বিদ্যালয়ের বাথরুম থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় দশম শ্রেণির এক ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে সে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

দিঘলিয়া থানার পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীরহাট হাজী নৈমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের বাথরুম থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়। পাশের একটি ভবনে কাজ করা কয়েকজন নির্মাণশ্রমিক বাথরুমের ভেতর থেকে শব্দ শুনে সেখানে যান। পরে দরজা ভেঙে তারা ছাত্রীটিকে উদ্ধার করেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, বিদ্যালয় ছুটির পর ওই ছাত্রী বাথরুমে প্রবেশ করে। তার দেওয়া তথ্য অনুযায়ী, পেছন থেকে কেউ মাথায় আঘাত করলে সে মাটিতে পড়ে যায়। পরে তার হাত-পা ও মুখ বেঁধে অচেতন করার জন্য কোনো ধরনের স্প্রে করা হয় বলে সে জানিয়েছে।

জ্ঞান ফেরার পর নিজেকে বাথরুমের ভেতরে বাঁধা অবস্থায় দেখতে পায় ওই ছাত্রী। পরে চিৎকার করলে পাশের ভবনের নির্মাণশ্রমিকরা বিষয়টি বুঝতে পারেন এবং তাকে উদ্ধার করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বিদ্যালয়ের ছুটি হয়। সন্ধ্যার দিকে বাথরুম থেকে শব্দ শুনে নির্মাণশ্রমিকরা সেখানে গিয়ে দরজা ভেঙে ছাত্রীটিকে উদ্ধার করেন।

ছাত্রীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো বস্তু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।

দিঘলিয়া থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, ঘটনার কারণ ও জড়িতদের বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্তে পুলিশ কাজ করছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
 

আরও পড়ুন