হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ১০

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১২:০২, ১০ জানুয়ারি ২০২৬

হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ১০

ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে নোয়াখালীর হাতিয়ায় বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চানন্দী ইউনিয়নের দরবেশ বাজারে এ সংঘর্ষ ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্র জানায়, চানন্দী ইউনিয়নের একটি পিচঢালা রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ তুলে বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দেন এনসিপির এক নেতা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। শুক্রবার সন্ধ্যায় এনসিপি নেতারা ওই এলাকায় লিফলেট বিতরণ করতে গেলে বিএনপির নেতাকর্মীদের সাথে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে এনসিপির ৭ জন এবং বিএনপির ৩ জন কর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন: এনসিপির ইউনিয়ন আহ্বায়ক জাকের হোসেন, আলমগীর হোসেন, আরিফ হোসেন, রবিন, জাফের, দুলাল ও শাহাদাত। বিএনপির সারওয়ার ও সাইফুল ইসলাম সারুসহ আরও একজন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

তাদের অভিযোগ, স্থানীয় বিএনপি নেতারা সরকারি রাস্তার ইট-পাথর বিক্রি করে দিচ্ছিল। এর প্রতিবাদ করায় এবং ফেরার পথে পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালানো হয়েছে। সংঘর্ষের সময় এনসিপির ৮টি মোটরসাইকেল লুট করা হয়েছে বলেও তারা দাবি করেন।
 
বিএনপির পক্ষ থেকে জানানো হয়, স্থানীয়রা রাস্তা মেরামত করছিল। এনসিপির কর্মীরা মিথ্যা ভিডিও ধারণ করে অপপ্রচার চালিয়েছে। সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমানে এনসিপি কর্মী নূর আলম রিপনের নেতৃত্বে তাদের ওপর সশস্ত্র হামলা চালানো হয়েছে বলে তারা অভিযোগ করেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন