অভিমানে ফাঁস নিলেন আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩:৩৯, ১৪ জানুয়ারি ২০২৬

অভিমানে ফাঁস নিলেন আসিফ মাহমুদ

কক্সবাজারের পেকুয়া উপজেলায় প্রেমঘটিত অভিমানকে কেন্দ্র করে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছেন। সোমবার (১২ জানুয়ারি) গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের শেখেরকিল্লা ঘোনা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত কলেজ ছাত্রের নাম আসিফ (২৩)। তিনি ওই এলাকার সৌদি প্রবাসী সিরাজুল ইসলামের ছেলে এবং চট্টগ্রাম কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আসিফের সঙ্গে একই ইউনিয়নের এক কলেজছাত্রীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি মেয়েটির পরিবার জানতে পারলে সম্পর্কটি বন্ধ করার জন্য চাপ সৃষ্টি করা হয়। ঘটনার রাতে মোবাইল ফোনে সম্পর্ক বিচ্ছেদের কথা জানানো হলে মানসিকভাবে ভেঙে পড়েন আসিফ। পরে তিনি নিজ কক্ষে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।

নিহতের চাচা নাছির উদ্দীন জানান, মঙ্গলবার সকালে চট্টগ্রাম কলেজে যাওয়ার কথা ছিল আসিফের। সকালে তার মা ছেলেকে ডাকতে গিয়ে কক্ষের দরজা বন্ধ দেখতে পান। একাধিকবার ডাকাডাকির পর কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে তাকিয়ে আসিফকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

ঘটনার পর পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আরও পড়ুন