হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১১:১৭, ২০ জানুয়ারি ২০২৬
হবিগঞ্জে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) জেলা প্রশাসন কার্যালয়ের সামনে এ সম্মেলন আয়োজন করা হয়।
সম্মেলনে হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মোছা: ইয়াছমিন খাতুন এবং ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জের উপপরিচালক মুহাম্মদ মনিরুজ্জামান।
এ সময় জেলার বিভিন্ন মসজিদের ইমাম, সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, গণভোট সম্পর্কে জনসচেতনতা তৈরিতে ইমামরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তৃণমূল পর্যায়ের ভোটারদের সঙ্গে ইমামদের সরাসরি যোগাযোগ বেশি হওয়ায় গণভোটের বিষয়ে মানুষকে উদ্বুদ্ধ করতে তাঁদের ভূমিকা অত্যন্ত কার্যকর। তিনি উপস্থিত ইমামদের গণভোট সম্পর্কে ব্যাপক প্রচারণা চালানোর আহ্বান জানান।
সম্মেলনে বক্তারা গণভোটের গুরুত্ব তুলে ধরে ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
ব্রেকিং