রাজনৈতিক টানাপোড়েনেও এগোবে বাংলাদেশ-ভারত অর্থনীতি

নিউজ ডেস্ক

প্রকাশ: ১৪:৪৮, ২৪ আগস্ট ২০২৬

রাজনৈতিক টানাপোড়েনেও এগোবে বাংলাদেশ-ভারত অর্থনীতি

সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন থাকলেও দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, পারস্পরিক নির্ভরশীলতাই দুই দেশের সম্পর্কের স্থায়ী সমাধানের পথ। ভারত এ সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী।

দীনেশ ত্রিবেদী বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, তবে অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নেওয়া প্রয়োজন। অর্থনীতি এগিয়ে গেলে তার ইতিবাচক প্রভাব রাজনীতিতেও পড়তে পারে।

তিনি বলেন, দুই দেশের সাধারণ মানুষের প্রধান চাওয়া শান্তি ও সমৃদ্ধি। তাই জনগণের স্বার্থে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে।

বাংলাদেশ ও ভারত উভয়ই স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র উল্লেখ করে তিনি বলেন, দুই দেশের মধ্যে বড় বা ছোট হওয়ার কোনো বিষয় নেই। নিজ নিজ স্বার্থ রক্ষা করেই সম্পর্ক আরও ভালো করা সম্ভব।

দুই দেশের বাণিজ্যিক যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, সম্প্রতি ভারতের কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের একটি বড় ব্যবসায়ী প্রতিনিধিদল বাংলাদেশ সফর করেছে। দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে নিয়মিত যোগাযোগ বাড়ানো প্রয়োজন।

যৌথ উৎপাদনের সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি। বাংলাদেশের তৈরি পোশাক খাতের সক্ষমতার সঙ্গে ভারতের মেশিনারি, জিপার ও অন্যান্য উপকরণ যুক্ত করে যৌথ উদ্যোগে উৎপাদন বাড়ানো সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের তরুণ প্রজন্ম ভবিষ্যতের গুরুত্বপূর্ণ শক্তি। তাদের দক্ষতা ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করতে হবে।

তিনি আশা প্রকাশ করেন, রাজনৈতিক সম্পর্ক নিজস্ব গতিতে চললেও মানুষের প্রয়োজন ও দুই দেশের অর্থনৈতিক স্বার্থ বিবেচনায় বাংলাদেশ-ভারত বাণিজ্যিক সম্পর্ক আগামী দিনে আরও শক্তিশালী হবে।
 

আরও পড়ুন